
মাসুদ হোসেন : বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার এতিহ্যবাহী মহামায়া বাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে শতবর্ষী বৈশাখী মেলা- গলিয়া। ঐতিহ্যের এই মেলা বর্ণাঢ্য উৎসবের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে দেশীয় সাংস্কৃতির সাথে আবহমানকাল থেকেই নিবিড়ভাবে সংশ্লিষ্ট হয়ে আছে।
প্রতি বছরের ন্যায় এবছরও মেলাকে ঘিরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন বাজার ইজারাদার। মেলার ঐতিহ্য ধরে রাখতে অতীতের ন্যায় এবছরও বাঁশ, বেত, মাটির বিভিন্ন হস্তশিল্প, কুটিরশিল্প, বাচ্চাদের খেলনা, মিষ্টান্ন ও খাদ্য সামগ্রী সহ অন্যান্য ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানিয়েছেন বাজার ইজারাদার আবু তাহের খোকন সহ সংশ্লিষ্টরা।
প্রতি বছরের মতো এবারো এপ্রিল মাসের ১৫ তারিখ বুধবার অনুষ্ঠিত হবে এই মেলা। এছাড়াও মেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও মডেল থানা পুলিশকে বাজার ইজারাদারের পক্ষ থেকে অবগত করা হয়েছে। তাই স্বল্প খাজনা আর পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টিত এ মেলায় সকল ক্রেতা-বিক্রেতাকে বাজার ইজারাদারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়।



