
শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য, ৮টি মামলার আসামি ফয়সালকে আটক করতে গেলে শাহরাস্তি থানা পুলিশের ওপর হামলা করা হয়। এতে থানার উপপরিদর্শক আল আমিন, আতোয়ার রহমান, পুলিশ সদস্য সুমন চন্দ্র, ইকবাল হোসেন ও ফয়সাল খান আহত হয়েছেন। জানা গেছে, আহতরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ৪ জনকে আটক করে।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দিবাগত রাতে ৮টি মোটরসাইকেল চুরি মামলার পলাতক আসামি ফয়সালকে ধরতে উপজেলার সূচীপাড়া উ. ইউনিয়নের বসুপাড়া গ্রামের মজুমদার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিকে ছিনিয়ে নিতে ২০/২৫ জনের একটি গ্রুপ পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে ফয়সাল (২৪), স্বপন (২২), মুরাদ (২৩) ও সীমা আক্তার (২৩) কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সরকারি কর্তব্য কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




