সংবাদপত্র বিলিকারক প্রাণকৃষ্ণের পরলোকগমন

নিজস্ব সংবাদদাতা :চাঁদপুরের সংবাদপত্র বিলিকারক প্রাণকৃষ্ণ (৭৩) পরলোকগমন করেছেন। ৩ ফেব্রুয়ারি রাতে সাড়ে ১১টায় তিনি হাজীগঞ্জের রয়েল হাসপাতালে স্টোকজনিত রোগে চিকিৎসাধীনবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্র জানায়, কিছুদিন পূর্বে তিনি চাঁদপুর শহরের নাজির পাড়াস্থ ভাড়া বাসায় অসুস্থ হয়ে পড়লে তার সন্তানেরা তাকে চিকিৎসার জন্য কুমিল্লা নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসলে আবারো অসুস্থ হয়ে পড়েন প্রাণকৃষ্ণ। এ সময় তাকে হাজীগঞ্জের রয়েল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চাঁদপুরের পাটোয়ারী নিউজ পেপার এজেন্ট জসীম মেহেদী জানান, প্রায় দুই যুগেরও বেশি সময় প্রাণকৃষ্ণ সংবাদপত্র বিলি কাজে নিয়োজিত ছিলেন। বাবুরহাট থেকে মুন্সিরহাট পর্যন্ত তিনি সংবাদপত্র বিলি করতেন। তার আকস্মিক মৃত্যুতে এজেন্ট এবং সংবাদপত্র হকার সমিতি গভীর শোকাহত। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে দেখে গেছেন।

উল্লেখ্য, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে প্রাণকৃষ্ণ বহু বছর ধরে বাবুরহাট থেকে মুন্সিরহাট পর্যন্ত সংবাদপত্র বিলি করার কারণে সেখানকার স্থানীয়দের তিনি ছিলেন পরিচিতমুখ। তার মৃত্যুর খবরে সেখানকার পাঠক সমাজের মাঝেও বইছে দুঃখের হাওয়া।

সম্পর্কিত খবর