
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদরে বিএসটিআই’র মোবাইল কোর্টে একাধিক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসন, চাঁদপুর এবং বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা-এর যৌথ উদ্যোগে চাঁদপুর সদরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ অভিযানে ওয়ান টু ওয়ান থার্টি শপকে বাধ্যতামূলক পণ্যের আমদানিতে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ব্যতীত বিক্রয় এবং বৈধ আমদানির তথ্য দিতে না পারায় বিএসটিআই আইন-২০১৮-এর ৩১ ধারা মোতাবেক ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মীম বনফল সুইটস এন্ড পেস্ট্রি শপকে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ব্যতীত ব্রেড, কেক ইত্যাদি পণ্যে বিএসটিআই-এর স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় বিএসটিআই আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা, সহকারী কমিশনার, জেলা প্রশাসন চাঁদপুরের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা পরিতোষ চন্দ্র তালুকদার (উপপরিচালক-রসায়ন) এবং অফিস প্রধান মো. শামস তাবরেজ, পরিদর্শক (মেট্রোলজি), মো. মাসুদ রানা, সহকারী পরিচালক (মেট্রোলজি) ও এসএম শাকিল ইউসুফ (ফিল্ড অফিসার)।
জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। বিএসটিআই, কুমিল্লা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



