শাহতলী বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সদর উপজেলার শাহতলী বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময় সভা করেছে শাহমাহমুদপুর ও মৈশাদী ইউনিয়ন বিএনপি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার শাহাতলী বাজারের ব্যাংক রোড এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাহাতলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির হোসেন বাবুল।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষক দলের কুমিল্লা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন বলেন, ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের প্রতীক। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে শাহমাহমুদপুর ও মৈশাদী ইউনিয়নে পরিকল্পিত উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে।

এনায়েত উল্লাহ খোকন বলেন, শাহাতলী বাজার দুই ইউনিয়নের সংযোগস্থল হিসেবে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এই বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন, তা আমরা অবগত। শেখ ফরিদ আহমেদ মানিক ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে ব্যবসায়ীদের অবকাঠামোগত সমস্যা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই কেবল টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করার জন্য তিনি ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

মৈশাদী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন খান পিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়নের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আ. সাত্তার মাস্টার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুবুর রহমান স্বপন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক খায়রুল বাশার এবং বিশিষ্ট ব্যবসায়ী শেখ সোহেল।

এছাড়া বক্তব্য দেন শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মিজানুর রহমান খান, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশারফ কারী, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল মজুমদার,শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি রবিউল গাজী রবি,সহ শাহাতলী বাজারের ব্যবসায়ী নুর হোসেন, আমির গাজী, স্বপন তত্ত, অপন ঘোষ, গনেশ নন্দি এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এলাকার ব্যবসা-বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সহযোগিতার আশ্বাস দেন।

সম্পর্কিত খবর