
মহসিন হোসাইন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর শহরের সকল মনুমেন্ট ও গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে অননুমোদিত নির্বাচনী সামগ্রী অপসারণ করা হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ কার্যক্রম পরিচালিত হয়।
শহরের বিভিন্ন সড়ক-মোড়, ভাস্কর্য ও মনুমেন্ট এলাকায় স্থাপিত পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ নির্বাচনী প্রচারণার অননুমোদিত সামগ্রী সরিয়ে নেয়া হয়। এসময় প্রশাসনের তৎপরতায় শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুনরায় শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরে আসে।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক।
জেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচন সংক্রান্ত আচরণবিধি বাস্তবায়নের জন্য এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে সরকারি নির্দেশনা অমান্য করে কেউ যেন পুনরায় মনুমেন্ট বা জনসমাগমস্থলে প্রচারণামূলক সামগ্রী স্থাপন না করে, সে বিষয়ে সকলের প্রতি সতর্কতা জানানো হয়।
উল্লেখ্য, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানা যায়।



