চাঁদপুরে ক্যাব ও চেম্বারের উদ্যোগে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

মহসিন হোসাইন : চাঁদপুর জেলা কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সার্বিক ব্যবস্থাপনায় চাঁদপুরের সর্বস্তরের ব্যবসায়ী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৭ জানুয়ারি ২০২৬খ্রি.) বিকেল ৩টায় চাঁদপুর শহরের বিপণীবাগ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, আমরা সামনে আসলে বলি নিয়ম মেনে চলবো কিন্তু বাস্তবতা হলো, আমরা অনেকেই তা মানি না। খোলা জায়গায় এই সভা আয়োজনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আগে চরিত্র পরিবর্তন জরুরি উল্লেখ করে তিনি বলেন, নিজের চরিত্র ঠিক না করলে রমজানে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়।

জেলা প্রশাসক বলেন, আমরা ম্যাজিস্ট্রেটরা যদি একদিনের জন্যও কোনো দোকানে না যাই, তাহলে লাভবান হবে কারা সেটা ভেবে দেখা দরকার। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক ব্যস্ততার কথাও তুলে ধরেন তিনি। একইসঙ্গে রমজান মাসে ব্যবসায়ীদের স্বল্প লাভে পণ্য বিক্রির আহ্বান জানান জেলা প্রশাসক।

ভেজাল প্রসঙ্গে কঠোর মন্তব্য করে তিনি বলেন, আমরা সবাই এত বেশি হাসপাতালে যাই কেন? নিশ্চয়ই আমরা ভেজাল পণ্য খাচ্ছি। আমাদের সমাজব্যবস্থা ও ব্যবসায়ীদের নৈতিক চরিত্র পরিবর্তন করতে হবে। রমজানে এক মাস কম লাভ করলেও বছরের বাকি ১১ মাস ব্যবসার সুযোগ রয়েছে এ কথা উল্লেখ করে তিনি ব্যবসায়ীদের মানবিক হওয়ার অনুরোধ জানান।

সভায় আরও বক্তব্য রাখেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাস চন্দ্র রায়, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির মৃধা, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদসহ বিভিন্ন বাজার কমিটির সভাপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। ব্যবসায়ীরা মাছ, মাংস, ফল, মসলা, মুদি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যসংক্রান্ত সমস্যা ও বাস্তবতা তুলে ধরেন তারা। বক্তারা বলেন, আসন্ন রমজান মাসে যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে। একইসঙ্গে ভোক্তাদের সচেতন করে তুলতে সরকারি কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তারা।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, আপনারা সভায় যে কথাগুলো বলেন, সেগুলোর প্রতিফলন কাজে দেখা যায়না। কথায় এবং কাজে এক থাকতে হবে। ব্যবসায়ীদের দেশপ্রেম ও সহানুভূতিশীল হতে হবে। তিনি রমজান উপলক্ষে ২৫ শতাংশ ছাড় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইফতার সামগ্রী, মাংস, সবজি ও মুদি পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা জীমাদ্রী খীসা, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতির্ময় ভৌমিক, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ।

এছাড়াও হাজীগঞ্জসহ বিভিন্ন উপজেলার ব্যবসায়ী প্রতিনিধিরা সভায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাব চাঁদপুর জেলা সভাপতি বিপ্লব সরকার।

সম্পর্কিত খবর