
ইব্রাহীম খান : কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাঁদপুর জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল থেকে চাঁদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার কৃষিকে এগিয়ে নিতে তৎপর । স্বাধীনতার সময় দেশের কৃষি উৎপাদন আর বর্তমান উৎপাদনের পার্থক্য একটি বিস্ময়। এত জনবহুল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই এবং সকল শ্রেণির কৃষককে সেবা দিতে বদ্ধপরিকর। তিনি আরো বলেন, বর্তমানে আমরা নিজেদের উৎপাদিত পেঁয়াজ নিজেরাই ভোগ করছি। অচিরেই পেঁয়াজের বীজ উৎপাদনে সাফল্য অর্জন করা সম্ভব হবে। তখন পেঁয়াজ শুধু ভোগ নয়, রপ্তানিও করা যাবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনে গণভোটের পক্ষে ভোট দিতে হবে। আমরা আর ফ্যাসিবাদ দেখতে চাই না। কৃষিতে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষিত ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ। শিক্ষিত ও তরুণ কৃষকরা এগিয়ে এলে কৃষিতে আরও সাফল্য আসবে। তিনি বলেন, টেকসই কৃষি প্রযুক্তির সফল বাস্তবায়নের জন্য কৃষকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং এসব প্রযুক্তি মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি ব্যবস্থাপনা) কৃষিবিদ ড. মো. শাখাওয়াত হোসেন শরীফ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ রাশেদ হাসনাত। কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আজিজুর রহমান। টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প,
কুমিল্লা অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় কৃষি কর্মকর্তা, ডিলার, কৃষি উদ্যোক্তা ও সাধারণ কৃষকরা অংশগ্রহণ করেন।



