
ইব্রাহিম খান : চাঁদপুর সদর উপজেলায় মৎস্য সম্পদ সংরক্ষণে কম্বিং অপারেশন ২৬ বাস্তবায়নের লক্ষ্যে ২য় ধাপের ৬ষ্ঠ দিনে রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১১টি মশারি জাল ও ২টি বেহুন্দি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
রোববার রাতে পরিচালিত এই অভিযানটি সদর উপজেলার রনগোয়াল, হরিশভা, বহরিয়া ও গাজীরটেক এলাকায় পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন মির্জা ওমর ফারুক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার। এ সময় আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান, সহকারী মৎস্য অফিসার, জামিল হোসেন, ক্ষেত্র সহকারী, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং কোস্টগার্ড চাঁদপুর এর সদস্যরা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, মির্জা ওমর ফারুক বলেন, ইলিশসহ দেশীয় প্রজাতির ছোট মাছ, বিশেষ করে বেলেগুড়া রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহার করে মাছ নিধন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল জেলেকে আইন মেনে মাছ আহরণের আহ্বান জানিয়েছেন এবং অবৈধ জাল ব্যবহার না করার জন্য সতর্ক করেছেন।



