চাঁদপুরে শীতকালীন জাতীয় স্কুল-মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মহসিন হোসাইন : চাঁদপুরে ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী ২০২৬খ্রি.)সকাল সাড়ে ৯টায় চাঁদপুর আধুনিক স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। একই ভেন্যুতে বিকাল ৪টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের উৎকর্ষতা, শারীরিক মানসিক চিন্তা চেতনার পরিবর্তন হয়। শরীর, দেহ ও মন ভালো থাকে। লেখাপড়ায় মনোযোগী হওয়া যায় বলে তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

সম্পর্কিত খবর