
মহসিন হোসাইন : চাঁদপুর জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায়, জেলা ট্রাফিক পুলিশের টিআই প্রবীর কুমার দাস ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদের নেতৃত্বে শহরে লাইসেন্সবিহীন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড, ওয়্যারলেস, বাবুরহাট ও কালিবাড়ী এলাকায় একাধিক টিম নিয়ে এই অভিযান চালিয়ে যেতে দেখা যায়। অভিযানে সার্বিক সহযোগিতা করছেন সদর মডেল থানার তদন্ত ওসি মিন্টু দত্ত। চাঁদপুর সদর মডেল থানার তদন্ত ওসি মিন্টু দত্ত জানান, মাত্র ৩০ মিনিটের অভিযানে মোট ১১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও কয়েকটি যানবাহন আটক রয়েছে, যেগুলো যাচাই-বাছাই শেষে মামলা বা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
অভিযানকালে সদর মডেল থানার এসআই শাখাওয়াতসহ একটি চৌকস পুলিশ টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শহরবাসী। তাদের মতে, বেপরোয়া গতিতে গাড়ি চালানো উঠতি বয়সের যুবক ও শিক্ষার্থীদের কারণে শহরের সড়কে ঝুঁকি বেড়েই চলেছে—এমন সময় পুলিশের এই অভিযান সত্যিই প্রশংসনীয়।



