চাঁদপুরে চ্যানেল আই’র প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চ্যানেল আই এর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুল মুকিত মজুমদার বাবু। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাপদি এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সাপদী আবেদীয়া জলিলিয়া মহিলা মাদ্রাসার মাঠে এই মানবিক কার্যক্রমে সহযোগিতা করে রাবেয়া মতিন কল্যাণ ফাউন্ডেশন। অনুষ্ঠানে শিশু, নারী ও বয়স্ক সহ ১ হাজার দুঃস্থ মানুষ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করেন। পাশা পাশি ১ হাজার শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শীতবস্ত্র।

অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব দুস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। অসহায় দুঃস্থ মানুষের জন্য সরকার ও বিভিন্ন এনজিও সংস্থা কাজ করলে তাদের উন্নতি হবে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ও সার্বিক সহযোগিতায় ছিলেন বালিয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান নান্নু, ৬নং ওয়ার্ড বিনপির সভাপতি মফিজ বহরদার, ঢাকার বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মাহিন বহরদার, সাপদী আবেদীয়া জলিলিয়া মহিলা মাদ্রাসার সুপার মাওলানা ফরিদ আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি যুবায়ের হাসান রিফাত সহ প্রমুখ।

সম্পর্কিত খবর