পর্যাপ্ত আসবাবের অভাবে চাঁবিপ্রবির শিক্ষার্থীরা তিন মাস ধরে হলে উঠতে পারছেন না

মহসিন হোসাইন : চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) প্রতিষ্ঠার শুরু থেকে এখনো নানা সংকট কাটিয়ে উঠতে পারেনি। প্রভাষক, প্রক্টর, প্রশাসনিক কর্মকর্তা ও প্রয়োজনীয় স্টাফ সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যা হিসেবে রয়ে গেছে আবাসন সংকট।

বিশেষ করে শিক্ষার্থীদের জন্য আবাসিক হলের সু-ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। গত তিন মাস আগে বিশ্ববিদ্যালয়ের হল ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

তবে প্রয়োজনীয় আসবাবপত্র ও আনুষঙ্গিক সুবিধার অভাবে এখনো হলে উঠতে পারেননি শিক্ষার্থীরা। নির্দিষ্ট ও সুবিধাজনক ভবন না পাওয়ায় একদিকে যেমন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্যায় পড়েছে, অন্যদিকে হল চালু করা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যেও দেখা দিয়েছে দ্বিমত।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ এ বিষয়ে দুটি ভাগে বিভক্ত। এক পক্ষের মত, আসবাবপত্র ছাড়াই শিক্ষার্থীরা নিজ উদ্যোগে হলে উঠুক, পরবর্তীতে ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। অপর পক্ষের মত, পূর্ণ বরাদ্দ না আসা পর্যন্ত হলে শিক্ষার্থী ওঠানো ঝুঁকিপূর্ণ ও সমস্যাজনক হতে পারে।

এই সিদ্ধান্তহীনতার মধ্যে পড়েই দ্বিধায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ বিষয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পেয়ার আহমেদ আজ(৮ জানুয়ারি) দৈনিক চাঁদপুর খবর কে বলেন, ইউজিসি আমাদের হল ব্যবহারের অনুমতি দিয়েছে, তবে নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ এখনো দেয়নি।

একটি শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় আসবাবপত্র—বিছানার বেড, পড়ার চেয়ার-টেবিলসহ অন্যান্য সামগ্রী কিনতে প্রায় ৩২ হাজার টাকা লাগে জনপ্রতি। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৩৫০ জন। শুধু ফার্নিচার বাবদই প্রায় ৫৭ লাখ টাকা প্রয়োজন, যার বাজেট এখনো পাওয়া যায়নি ইউজিসি থেকে। এ কারণেই শিক্ষার্থীদের হলে উঠানো সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, তিনটি বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রায় সাড়ে ৩ হাজার স্কয়ারফিট হলের প্রয়োজন। বরাদ্দ না আসায় কাজ আটকে থাকলেও জানুয়ারি মাসের মধ্যেই যেকোনো একটি ব্যবস্থা করে শিক্ষার্থীদের হলে ওঠানোর আশ্বাস দেন তিনি। এদিকে, ইউজিসি থেকে হল অনুমোদন পাওয়ার তিন মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা হলে উঠতে না পারায় সরকারের অর্থ অপচয়ের অভিযোগও উঠেছে।

বর্তমানে দুইজন হল প্রভোস্টের পেছনে প্রতি মাসে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা ব্যয় হচ্ছে, অথচ হল কার্যকর হয়নি। হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন (সিইসি) বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ এবং মেয়েদের হলের দায়িত্বে রয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক খাদিজা খাতুন টুম্পা। প্রিন্স মাহমুদ বলেন, আমরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।

জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হলে উঠানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। হল সংকট নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা দৈনিক চাঁদপুর খবর’কে জানান, দূর-দূরান্ত থেকে এসে পড়াশোনা করতে গিয়ে অনেকেই জানতেন না যে এখানে হলের সুবিধা নেই।

ফলে আশপাশের এলাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে থাকতে হচ্ছে তাদের। এতে যেমন আর্থিক চাপ বাড়ছে, তেমনি নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা—বিশেষ করে নারী শিক্ষার্থীরা। তারা বলেন, হল সুবিধা থাকলে আমাদের এই ভোগান্তি হতো না। ভাড়া বাসায় থাকতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি—দ্রুত হল সমস্যার সমাধান করা হোক।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখনো জমি নির্ধারণ প্রক্রিয়া চলমান। নেই খেলার মাঠ, আধুনিক ল্যাব সংকট প্রকট, ক্যান্টিন ব্যবস্থাও অপ্রতুল। একটি পরিপূর্ণ ও আধুনিক বিশ্ববিদ্যালয় কবে দেখতে পাবেন—এই প্রশ্নই এখন শিক্ষার্থীদের মনে। দ্রুত সব সংকটের সমাধান হবে—এই প্রত্যাশায় দিন গুনছেন চাঁবিপ্রবির শিক্ষার্থীরা।

সম্পর্কিত খবর