
বিশেষ প্রতিনিধি: বরেণ্য শিক্ষাবিদ, আদর্শ শিক্ষক ও মানবসেবায় নিবেদিত প্রফেসর ডাঃ আবদুল গফুরের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার সাবেক বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। ২০১৪ সালের ৯ জানুয়ারি ভোর আনুমানিক ৫টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ইন্তেকালে শিক্ষা অঙ্গনসহ শাহতলী এলাকার সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহতলী কামিল মাদরাসা কর্তৃপক্ষ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জানা যায়, প্রফেসর ডাঃ আবদুল গফুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি কৃতিত্বের সঙ্গে অর্জন করেন। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি চাঁদপুরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় বাংলা বিষয়ে অধ্যাপনা শুরু করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি একজন দক্ষ, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মাঝে ব্যাপকভাবে সমাদৃত ছিলেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি শাহতলী বাজার এলাকায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবেও পরিচিত ছিলেন এবং মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর চিকিৎসাসেবায় এলাকার অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন। প্রফেসর ডাঃ আবদুল গফুর এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শোকবার্তায় শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর পক্ষ থেকে মাদরাসার সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী প্রফেসর আবদুল গফুর এর রেখে যাওয়া শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং উনার সর্বোত্তম জান্নাত কামনা’সহ পরিবারবর্গের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
মরহুমের জন্ম টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের কান্দাপাচুরিয়া গ্রামে। টাঙ্গাইলের সন্তান হলেও জীবনের শেষ প্রায় ৩০ বছর তিনি শাহতলীর মাটি ও মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। গভীর ভালোবাসা ও আত্মিক টানের কারণে মৃত্যুর পর তাঁকে চাঁদপুরের শাহতলীতেই দাফন করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তাঁর সাবেক ছাত্র-ছাত্রী, আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি দোয়া কামনা করা হয়েছে।



