বাগাদীতে ‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক নারী সমাবেশ

মহসিন হোসাইন : গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ বিষয়ে নারীদের সচেতন করতে চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’ শীর্ষক এ নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার তপন বেপারী গণভোটের ধারণা,গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন,গণভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরাসরি মতামত প্রকাশের সুযোগ পায়।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসাইন এবং প্রকাশক ও সম্পাদক প্রফেসর রোকনুজ্জামান রোকন। বক্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের তাৎপর্য তুলে ধরে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবারে ১০ বছরে সীমিত করা, নির্বাচন কমিশনার ও পিএসসি চেয়ারম্যান নিয়োগে সরকার দল ও বিরোধী দলের মতামত নিশ্চিত করা, সংবিধান সংশোধন, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনতে হলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

আর পরিবর্তন না চাইলে ‘না’ ভোট প্রদানের সুযোগ রয়েছে। সভায় গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সমাবেশে শতাধিক নারী উপস্থিত ছিলেন এবং তারা আলোচনায় আগ্রহভরে অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর