
মহসিন হোসাইন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ চাঁদপুরের পাঁচটি আসনে দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাইতে ৪৬ জনের মধ্যে ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ১৫ জনের মনোনয়নপত্র।
১ জন করেছেন প্রত্যাহার। তবে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন ফরম বাছাই পর্ব সম্পন্ন হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার এই বাছাই পর্ব সম্পন্ন করেন।
চাঁদপুর-১ কচুয়া সংসদীয় আসন: সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। কচুয়া-১ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও ইসলামী ফ্রন্টের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়।
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) সংসদীয় আসন: বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। চাঁদপুর-২ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, এলডিপি ও নাগরিক ঐক্য এই পাঁচ দলের প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়। অবৈধ ঘোষিত প্রার্থী ও কারণ: তানভীর হুদা-১% স্বতন্ত্র স্বাক্ষর জটিলতা, ফয়জুন্নুর রাসেল- হলফনামায় স্বাক্ষর নেই, নাছিমা নাজনীন সরকার -যমুনা ব্যাংকে দায়-দেনা, ঋণ খেলাপি, মানসুর আহমেদ- হলফনামায় স্বাক্ষর নেই, রাশিদা আক্তার- হলফনামায় স্বাক্ষর নেই, আবদুল মুবিন- হলফনামায় স্বাক্ষর নেই,
এছাড়া শুক্কুর পাটোয়ারী (বিএনপি স্বতন্ত্র) প্রার্থী হিসেবে তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) সংসদীয় আসন: চাঁদপুর-৩ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে হলফনামায় স্বাক্ষর না থাকায় ১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় এবং বাকি ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী: মোঃ সেলিম আকবর (গণফোরাম)। এদিকে বৈধ প্রার্থীরা হলেন, শেখ ফরিদ আহম্মেদ (বিএনপি), অ্যাড. মোঃ শাহজাহান মিয়া (বাংলাদেশ জামায়াতে ইসলামী), তোফায়েল আহমদ (খেলাফত মজলিস), মোঃ জয়নাল আবদিন শেখ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ জাকির হোসেন (গণধিকার পরিষদ), এ. এইচ. এম. আহসান উল্লাহ (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), নুরুল ইসলাম (জাকের পার্টি), মোঃ জাহাঙ্গীর হোসেন (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি)।
চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসন: এই আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৪ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। অবৈধ ঘোষিত প্রার্থীরা হলেন : ইসলামী ফ্রন্টের আব্দুল মালেক বুলবুল। তিনি ঋণ খেলাপি রয়েছেন (মার্কেন্টাইল ব্যাংক, ধানমন্ডি শাখা)। মোঃ আব্বাস উদ্দিন (স্বতন্ত্র)- প্রয়োজনীয় ১% ভোটারের স্বাক্ষর সঠিক না হওয়ায়। জাকির হোসেন (স্বতন্ত্র)- ১% ভোটারের স্বাক্ষর ত্রুটিপূর্ণ। মোজাম্মেল হোসেন (স্বতন্ত্র)-১% ভোটারের স্বাক্ষর সঠিক নয়। বাকি বৈধ প্রার্থীরা বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণফোরাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন: চাঁদপুর-৫ আসনে সংসদ সদস্য পদে মোট ৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং মাত্র ১ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। বৈধ ঘোষিত প্রার্থীরা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো: মমিনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি মো: আবুল হোসাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ আলী পাটওয়ারী।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ জেলা সভাপতি মো: মাহমুদ হাসান নয়ন, এলডিপি প্রেসিডিয়াম সদস্য মো: নেয়ামুল বশির, হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সভাপতি মির্জা গিয়াস উদ্দিন। অবৈধ ঘোষিত প্রার্থী স্বতন্ত্র, বাংলাদেশ ইউনাইটেড পার্ট মো: জাকির হোসেন প্রধানীয়া, প্রয়োজনীয় ৫,২৬৭ জন ভোটারের স্বাক্ষরের বিপরীতে মাত্র ৩,৩০০+ স্বাক্ষর জমা দেওয়ায় যাচাইয়ের সুযোগ না থাকায় মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে গণফোরাম, গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র সাময়িকভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সকল প্রার্থীর আপিল করার সুযোগ রয়েছে বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে। এদিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। বৈধ প্রার্থীরা এখন প্রচারণার মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন, অন্যদিকে অবৈধ ঘোষিত প্রার্থীরা আপিলের প্রস্তুতি নিতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। নির্বাচনের পরবর্তী ধাপগুলোকে ঘিরে চাঁদপুরবাসীর আগ্রহ এখন তুঙ্গে।
উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি বুধবার। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



