ছাত্র বলাৎকারের অভিযোগে চাঁদপুরে মাদ্রাসা শিক্ষক আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার পূর্ব মদনার ইমাম হাসান-হোসেন হেফজ কোরআন মাদ্রাসায় কিশোর ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত একটায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ১৩ বছর বয়সী এক ছাত্র।

সে ওই মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করে এবং বোর্ডিংয়ে থাকত। অভিযোগ অনুযায়ী, রাতের পড়াশোনা শেষে সে অন্য ছাত্রদের সঙ্গে ঘুমিয়ে পড়ে। এ সময় মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ গোলাম ছাত্রদের থাকার কক্ষে প্রবেশ করে। সেখানে সে ভুক্তভোগী ছাত্রের মুখ চেপে ধরে, জোরপূর্বক তার ওপর যৌন নিপীড়ন চালায়। পরদিন সকালে, ৩ জানুয়ারি, ছাত্রটি বাড়িতে ফিরে তার বাবাকে পুরো ঘটনার কথা জানায়। সে আরও জানায়, এই শিক্ষক আগেও একাধিকবার তার সঙ্গে একই ধরনের অপকর্ম করেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা মাদ্রাসায় যান।

সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত শিক্ষক সবার সামনে ঘটনার কথা স্বীকার করে। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। পরে ভুক্তভোগীর পরিবার পুলিশের সহযোগিতায় থানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে। পুলিশ জানায়, অভিযুক্তকে হেফাজতে নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা কতটা নিশ্চিত?।

সম্পর্কিত খবর