
মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তরে অবৈধভাবে গ্যাসের সিলিন্ডার মজুদ রাখার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। মতলব উত্তর উপজেলায় ছেংগারচর বাজারের বিভিন্ন এলপিজি গ্যাসের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে গ্যাসের সিলিন্ডার মজুদ রাখায় দোকানিকে দশ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। অভিযানে অবৈধভাবে সিলিন্ডার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির দায়ে একজন দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫২ ধারায় দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় এলপিজি গ্যাসের ডিলারদের সরকারি নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রয় এবং বিক্রয়ের সময় যেনো পাকা রসিদ দেয়া হয় সে নির্দেশনা দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা, সিলিন্ডার বিস্ফোরণের মতো দুর্ঘটনার ঝুঁকি কমাতে ও সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার যাতে বিক্রয় করতে পারে তার জন্যে এ অভিযান চালানো হয়েছে। আইন অমান্য করে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি করলে আগামীতেও কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে।



