চাঁদপুরে শীতের দাপট : লাকড়ির আগুনে উষ্ণতা খুঁজছে মানুষ, ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা

মহসিন হোসাইন: চাঁদপুরে হাড়কাঁপানো শীতে একটু উষ্ণতার খোঁজে লাকড়ির আগুনে জোয়ান-বৃদ্ধের ভিড় লক্ষ্য করা গেছে। গতকাল (৩১ ডিসেম্বর) বুধবার তোলা ছবিতে চাঁদপুর শহরের অলিগলি ও খোলা জায়গায় মানুষের আগুন পোহানোর দৃশ্য যেন স্পষ্ট করেই তুলে ধরেছে শীতের তীব্র থাবা।

গত এক সপ্তাহ ধরে দেশে শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। তবে নদীমাতৃক এলাকা হওয়ায় চাঁদপুরে শীতের তীব্রতা তুলনামূলক বেশি অনুভূত হচ্ছে। চাঁদপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫° সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ২১° সেলসিয়াস। তবে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও কমে ভোর ৫টার দিকে প্রায় ১৩° সেলসিয়াসে নেমে আসে।

এতে শিশু ও ষাটোর্ধ্ব বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন। শহরের বয়স্কদের সঙ্গে কথা বললে তারা জানান, এবারের শীত অন্যান্য বছরের তুলনায় বেশি কষ্টদায়ক এবং শরীরে তীব্রভাবে আঘাত হানছে। অন্যদিকে অভিভাবকরা জানান, শীতের কারণে শিশুদের সামান্য ঠান্ডা লাগলেই অসুস্থ হয়ে পড়ছে, ফলে কাজকর্ম ফেলে দ্রুত হাসপাতালে ছুটতে হচ্ছে।

শীতের তীব্রতার মাঝেও শহরের বাজারে শীতের পোশাকের ব্যাপক চাহিদা দেখা গেছে। বড় দোকানের চেয়ে খুচরা বাজার, ভ্যান ও রাস্তার পাশের দোকানগুলোতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের ভিড় বেশি লক্ষ্য করা গেছে। পাশাপাশি শীতের ঐতিহ্যবাহী খাবার চিতই পিঠা, বাফা পিঠাসহ বিভিন্ন পিঠার দোকানেও জমেছে ভিড়। কালিবাড়ী মোড়, চেয়ারম্যান ঘাট, ওয়্যারলেস বাজার, বাবুরহাট ও বাগাদী চৌরাস্তা এলাকায় শীতের মাঝেও পিঠা খাওয়ার আনন্দে মানুষের উপস্থিতি চোখে পড়েছে।

এদিকে কৃষক ও সবজি ব্যবসায়ীরা জানান, শীতের তীব্রতায় চাষাবাদ ও হাট-বাজারে যাতায়াতে ভোগান্তি বেড়েছে। যদিও সবজি উৎপাদন ভালো হয়েছে, তবে ঘর থেকে বের হওয়াই এখন কষ্টসাধ্য হয়ে উঠেছে। অনেকের মতে, বহু বছর পর চাঁদপুরে এমন তীব্র শীত আবার ফিরে এসেছে, যা জনজীবনে বাড়তি দুর্ভোগ তৈরি করছে।

সম্পর্কিত খবর