
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ এনে চারজন অজ্ঞাতনামা পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন মো. খোকন (৩৯) নামে এক ডাকাতি মামলার আসামি।
গত ২৭ ডিসেম্বর ফরিদগঞ্জ থানায় নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলাটি দায়ের করা হয়। এর আগে, গত ২৮ নভেম্বর ফরিদগঞ্জ থানায় দায়ের হওয়া একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকালে পুলিশের নির্যাতনের অভিযোগ তোলেন খোকন।
এ ঘটনায় ফরিদগঞ্জ আমলি আদালতের ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদ নির্যাতনের অভিযোগ আমলে নিয়ে মামলা দায়েরের নির্দেশ দেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ সপন।
মামলার নথিপত্র অনুযায়ী, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ফরিদগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ডাকাতি মামলার (জি আর নং–৩১৫/২৫) আসামি হিসেবে গত ১৬ ডিসেম্বর তিনজন অজ্ঞাতনামা ব্যক্তিকে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের আবেদনের পরিপ্রেক্ষিতে খোকনের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের সময় তিনি পুলিশ হেফাজতে নির্যাতনের বিস্তারিত বিবরণ দেন।
গ্রেপ্তারের সময় প্রস্তুত করা স্মারকপত্রে খোকনকে সুস্থ অবস্থায় দেখানো হয় এবং পুলিশ ফরওয়ার্ডিংয়ে কোনো জখমের উল্লেখ ছিল না। তবে ম্যাজিস্ট্রেট আসামিকে পরীক্ষা করে তাৎক্ষণিকভাবে নির্যাতনের অভিযোগ লিপিবদ্ধ করেন। একই সঙ্গে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন অনুযায়ী সাত কার্যদিবসের মধ্যে পুলিশ সুপারকে মামলা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি আসামির ২৪ ঘণ্টার মধ্যে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ককে নির্দেশ দেওয়া হয়।
এর পরদিন, ১৭ ডিসেম্বর চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক রানা সাহা ও আসিবুল হাসান চৌধুরী খোকনের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দেন। মেডিকেল প্রতিবেদনে তার উভয় পায়ের উরুতে একাধিক নীলচে ফোলা ও আঘাতের চিহ্ন পাওয়া যায়। চিকিৎসা সনদে উল্লেখ করা হয়, আসামির বক্তব্য অনুযায়ী এসব আঘাত প্রায় চার দিন আগের। আদালতের নির্দেশের পর ২৩ ডিসেম্বর অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ঘটনার স্পর্শকাতরতা উল্লেখ করে তদন্তের জন্য ১৫ দিনের সময় প্রার্থনা করেন। তবে আদালত সময় না দিয়ে পূর্বের মামলা দায়েরের আদেশ বহাল রাখেন।
আদালতের আদেশে বলা হয়, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের অধীন অপরাধসমূহ আমলযোগ্য। ফলে আইন অনুযায়ী মামলা দায়ের ব্যতীত তদন্ত পরিচালনার সুযোগ নেই।
সর্বশেষ আদালতের নির্দেশ মোতাবেক ২৭ ডিসেম্বর ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন মামলা দায়ের করেন। মামলার তদন্তভার দেওয়া হয় থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ ইফতেখারকে।
মামলার বাদী মো. খোকন ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি সরদার বাড়ির শাহজাহানের ছেলে। তিনি ফরিদগঞ্জ থানার বিভিন্ন মামলার আসামি। সর্বশেষ গত ২৮ নভেম্বর উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের মিজি বাড়ির রহিম বাদশার স্ত্রী পেয়ারা বেগমের দায়ের করা ডাকাতি মামলায় গ্রেপ্তার হন তিনি। এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, আদালতের আদেশ অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে। মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।



