চাঁদপুর-১ (কচুয়া) আসনে আ ন ম এহসানুল হক মিলনের মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার : চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিজের মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকে ভণ্ডুল করার জন্য অপচেষ্টা চলবে এবং চলছে। বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনকে অত্যন্ত কঠোর হতে হবে এবং আমাদের সকলকে এই ব্যাপারে তীক্ষণ দৃষ্টি রাখতে হবে। কারণ ইতোমধ্যে হাদিকে হত্যার মধ্য দিয়ে বুঝানো হয়েছে তারা যে ঘরে বসে নেই। বিষয়টি প্রশাসন, সরকার ও নির্বাচন কমিশনকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে গণমাধ্যমও সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, এবারের নির্বাচনে আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সকলেই যোগ্য প্রার্থী। কাউকে ছোট করে দেখার কিছু নেই। আমি মনে করি একটি অংশগ্রহনমূলক নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে।

এই নেতা বলেন, যখন আমি সরকারে দায়িত্ব পালন করেছি, তখন চাঁদপুরের বিভিন্ন উন্নয়নে কাজ করেছি। দায়িত্ব পেলে আগামীতেও কর্মমূখী শিক্ষার উন্নয়নে কাজ করবো। কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে জাতিকে সারা বিশ্বে তুলে ধরতে হবে। তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। এ সময় জাতীয়বাদী মহিলা দলের সহ সভানেত্রী নাজমুন্নাহার বেবী, কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবিরসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর