
সময় নদীর স্রোতের মতো—থামে না, কিন্তু কিছু নাম, কিছু প্রতিষ্ঠান সময়কে অতিক্রম করে স্থায়ী হয়ে ওঠে মানুষের হৃদয়ে। তেমনই একটি নাম ‘দৈনিক চাঁদপুর খবর’। দীর্ঘ ১৯ বছরের সফল পথচলা অতিক্রম করে আজ পত্রিকাটি ২০ বছরে পদার্পণ করেছে—যা চাঁদপুরের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে এক গৌরবময় অধ্যায়।
এই উপলক্ষে আজ(২৩ ডিসেম্বর ২০২৫) চাঁদপুর প্রেসক্লাবে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দীর্ঘ ও সফল যাত্রাপথে দুই বছরের সঙ্গি হিসেবে যুক্ত থাকতে পারা আমার জন্য গর্ব ও সম্মানের। সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই—এই প্রত্যয়ে।
মান ও গ্রহণযোগ্যতার অনন্য দৃষ্টান্ত:
প্রতিষ্ঠালগ্ন থেকেই দৈনিক চাঁদপুর খবর নিজস্ব মান, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে পত্রিকাটি শুধু বয়সে নয়, বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতায়ও পরিণত হয়েছে আরও পরিপক্ব এক গণমাধ্যমে।
পাঠক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী এবং বিজ্ঞাপনদাতাদের আস্থা অর্জনের মাধ্যমে পত্রিকাটি আজ একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে। দীর্ঘ এই পথচলায় ভুল-ভ্রান্তি, সুখ-দুঃখ—সবকিছুকে পেছনে ফেলে পাঠকের আস্থা অর্জনই ছিল পত্রিকাটির প্রধান শক্তি।
বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতাই যার মূল বৈশিষ্ট্য:
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—দলমত নির্বিশেষে সুস্পষ্ট, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন। পাঠকের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্যনির্ভর সংবাদ প্রকাশে পত্রিকাটি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে।
চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিকগুলোর মধ্যে দৈনিক চাঁদপুর খবর তার মান ও সংবাদ পরিবেশনের কারণে সাধারণ পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। শুধু জেলা শহর নয়, জেলার বাইরেও পত্রিকাটির অনলাইন সংস্করণে রয়েছে অসংখ্য পাঠক ও শুভাকাঙ্ক্ষী। নিয়মিত ভিজিটররা সহজেই প্রয়োজনীয় সংবাদ পড়তে পেরে পত্রিকাটির সুনাম বহন করে চলেছেন।
সম্পাদক ও প্রকাশকের প্রতি কৃতজ্ঞতা:
এই সাফল্যের পেছনে যাঁর অবদান অনস্বীকার্য, তিনি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তাঁর দৃঢ়তা, আত্মবিশ্বাস, একাগ্রতা, সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা এবং নিরলস পরিশ্রমেই দৈনিক চাঁদপুর খবর আজকের এই উচ্চতায় পৌঁছেছে।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাঁর দীর্ঘদিনের দক্ষতা, আন্তরিকতা এবং পত্রিকা বিলিকারক থেকে শুরু করে পত্রিকার স্টাফ, রিপোর্টার ও সহকর্মীদের প্রতি ভালোবাসা পত্রিকাটিকে দিয়েছে এক সুদৃঢ় ভিত। তাঁর সার্বিক চিন্তা-চেতনা ও নেতৃত্বেই দৈনিক চাঁদপুর খবর খুব অল্প সময়ের মধ্যেই চাঁদপুরবাসীর আস্থার জায়গা করে নিতে সক্ষম হয়েছে।
প্রত্যাশা ও শুভকামনা:
এই পত্রিকার অনুপ্রেরণাতেই আমি আজও কলম ধরে লিখে যাচ্ছি। আশা করি, ভবিষ্যতেও দৈনিক চাঁদপুর খবর সত্যের পথে অবিচল থেকে আরও বহু বছর পাঠকের পাশে থাকবে। দীর্ঘজীবী হোক দৈনিক চাঁদপুর খবর। অনন্তকাল ধরে প্রকাশিত হোক সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকার নিয়ে।



