
শামীম আহমেদ জয় : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেড় বছর ধরে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। খাল খননের সময় ভেঙে ফেলা একটি কালভার্ট পুন:নির্মাণ না করায় চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে পড়েছে তাদের।
জানা যায়, সরকারি অর্থায়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৯ সালে মতলব উত্তরের ছেংগারচর পৌর এলাকার কলাকান্দা ও পালালোকদি গ্রামের মধ্যবর্তী স্থানে ১৯টি ভূমিহীন পরিবারকে ১৯টি পাকা ঘর বরাদ্দ দেওয়া হয়। ওই আশ্রয়ণ প্রকল্পে যাতায়াতের একমাত্র রাস্তা গজরা ইউনিয়নের ডুবগী গ্রামের দিক দিয়ে, যেখানে পানি উন্নয়ন বোর্ডের একটি খাল পার হতে হয়।
প্রকল্পের শুরুতে খালের ওপর একটি কালভার্ট নির্মাণ করা হলেও প্রায় দেড় বছর আগে খাল খননের সময় ঠিকাদাররা কালভার্টটি ভেঙে দেয়। সে সময় খনন শেষে নতুন কালভার্ট নির্মাণের আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, খাল পারাপারের জন্য ঝুঁকিপূর্ণভাবে লম্বালম্বি একটি তালগাছ ফেলে রাখা হয়েছে। পাশেই ভেঙে পড়ে আছে পুরনো কালভার্টের ধ্বংসাবশেষ। এভাবেই নারী, শিশু ও বৃদ্ধরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন খাল পারাপার হচ্ছেন। প্রকল্পের বাসিন্দা মোফাজ্জল হোসেন খান বলেন, খাল খননের সময় দেড় বছর আগে কালভার্টটি ভেঙে দেওয়া হয়। এরপর থেকে আমাদের চলাচল খুব কষ্টকর হয়ে গেছে।
কিছুদিন আগে আমার স্ত্রী সেফালী বেগম খাল পার হতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে। এখনো সে পুরোপুরি সুস্থ হয়নি। আমিও কয়েকবার পড়ে পায়ে ব্যথা পেয়েছি। আকলিমা বেগম বলেন, ছোট ছোট বাচ্চা নিয়ে খাল পার হওয়া খুবই বিপজ্জনক। কিছুদিন আগে একটি বাচ্চা পানিতে পড়ে গিয়েছিল। আমি নিজেও পড়ে গিয়ে গুরুতর ব্যথা পেয়েছি। প্রতিদিন আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হয়। কবির হোসেন নামে আরেকজন জানান, আমি খাল পার হতে গিয়ে পড়ে গিয়েছিলাম। এখনো পুরোপুরি সুস্থ হইনি। আমরা চাই, দ্রুত এখানে একটি নতুন ও টেকসই কালভার্ট নির্মাণ করা হোক।
দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে খাল খনন কাজের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কারো সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। আশা করছি খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে এখানে একটি নতুন কালভার্ট নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।



