
স্টাফ রির্পোটার : চাঁদপুরের মতলব পৌরসভার ২নং ওয়ার্ডের ধনারপাড় এলাকায় মাটি ভরাট কাজে টাকা আত্মসাৎ এর ঘটনায় পিআইও অফিসে অভিযোগ দেওয়ায় হুমকি-ধমকিতে এলাকার দলিল লেখক আব্দুল মতিন মিয়াজী ব্রেন স্ট্রোক করে হাসপাতালে মৃত্যু শয্যায়।
আব্দুল মতিন মিয়াজীর ছোট ভাই এডভোকেট আব্দুল মান্নান মিয়াজী জানান, মতলব দক্ষিণ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে মতলব- নারায়নপুর সড়কের ধনারপাড় থেকে দারুস সালাম জামে মসজিদ মাঠ পর্যন্ত মাটি ভরাটের জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করে।
উক্ত টাকা সাদ্দাম হোসেন বেপারী কতৃক আত্মসাৎ বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করে পিআইও অফিসে। এরই পরিপ্রেক্ষিতে গত ৫ ডিসেম্বর জুমার নামাজের পর সাদ্দাম হোসেন বেপারী উত্তেজিত হয়ে আমার ভাইকে মারধর করার জন্য হুমকি ধমকি দেয়৷ এতে আমার ভাই এর মসজিদেই রক্তচাপ বেড়ে যাওয়ায় ব্রেন স্ট্রোক করে এবং ডান হাত ডান পা অবস হয়ে কথা বলা বন্ধ হয়ে যায়।
তাৎক্ষনিকভাবে তাকে প্রথমে চাঁদপুর নোভা এইড হাসপাতালে ভর্তি করে এবং সিটি স্ক্যান করেন, ব্রেনে রক্তক্ষরন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের নিউ সার্জারী বিভাগে রেফার করেন। ঢাকা মেডিকেলে সীট না থাকায় ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করানো হয়। ঐদিনই তাকে ব্রেনে রক্তক্ষননের কারনে অপারেশন করা হয়। বর্তমানে সে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এডভোকেট আব্দুল মান্নান আরো জানান সাদ্দাম হোসেন বেপারীর সঙ্গে জড়িত রয়েছেন ওসমান বেপারীর ছেলে মাহফুজ বেপারী, আলাউদ্দিন বেপারীর ছেলে লাল মিয়া বেপারী, মৃত নুরু বক্স বেপারীর ছেলে মনির হোসেন বেপারী ও আব্দুল কাদির বেপারী। তারা সংঘবদ্ধ হয়ে এ ঘটনাটি ঘটিয়েছে।
সাদ্দাম হোসেন বেপারীর বিরুদ্ধে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বরাবরে গত ৪ডিসেম্বর লিখিতভাবে অভিযোগ করেছেন ধনারপাড় গ্রামের দারুস সালাম জামে মসজিদের মুসল্লিগনের পক্ষ থেকে মোঃ আঃ মতিন মিয়াজী, লেয়াকত মিয়াজী, মোঃ নাছির, কবির মিয়াজী, তাফাজ্জল মিয়াজী, দেলোয়ার হোসেন, শাকিল, আলী আকবর, আউয়াল, মোঃ ইব্রাহিম, মোঃ বিল্লাল হোসেন, মোঃ কাউছার, আমির হোসেন। এ ব্যাপারে সাদ্দাম হোসেন বেপারীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান,অভিযোগটি পেয়েছি, হুমকি-ধমকির ব্যাপারে জানা নাই।



