শাহরাস্তিতে সালিশির জরিমানা দিতে না পেরে প্রেমিকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দক্ষিণ রায়শ্রী খিলা গ্রামের মঙ্গল বাড়ির ছেলে ছয় বছরের প্রেমের সম্পর্কের করুণ পরিণতিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিষপান করে আত্মহত্যা করেছেন। সে ওই এলাকার মোহাম্মদ মোস্তফা মঙ্গলের ছোট ছেলে সোহেল ( ২২) বছরের যুবক।

প্রেমিকার বিয়ে ভেঙে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সালিশি বৈঠকে এক লক্ষ টাকা জরিমানা ধার্য্য করা হয়। অর্থের জোগান দিতে না পেরে চরম হতাশায় সোহেল আত্মহননের পথ বেছে নেন বলে অভিযোগ উঠে।

জানা যায়, উপজেলার দক্ষিণ রায়শ্রী খিলা গ্রামের যুবকের সঙ্গে একই এলাকার শিবপুর গ্রামের ইউসুফ মজুমদারের মেয়ে সাবরিনা আক্তারের সাথে সোহেলর ৬ বছরের প্রেমের সম্পর্ক হয়। স্বপ্ন ছিল একসঙ্গে সংসার করার কিন্তু পারিবারিক ও সামাজিক চাপে তরুণীর অন্যত্র বিয়ে হয়। পরবর্তীতে সেই বিয়ে ভেঙে গেলে বিষয়টি এলাকায় উত্তেজনার সৃষ্টি করে।

ঘটনার জেরে স্থানীয়ভাবে একটি শালিশি বৈঠক বসে। বৈঠকে প্রেমিক সোহেলের এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তিনি ওই টাকা দিতে অক্ষম ছিলেন। শালিশের পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এবং সালিশিরা টাকার জন্য সোহেলকে প্রতিনিয়ত চাপ দিতে থাকেন। সময় মত টাকা দিতে না পারায় একপর্যায়ে হতাশাগ্রস্ত হয়ে বিষপান করেন। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে একদিন পর মারা যায়। সোহেলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রেমিকা সাবরিনা ও তার বাবা মা এলাকা থেকে পালিয়ে যায়।

এ ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। নিহত সোহেলের মা কান্নাজড়িত কণ্ঠে ছেলের মৃত্যুর জন্য শালিশিদের ও প্রেমিকাকে দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই দাবিতে মানবিক ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসীরাও। এ বিষয়ে শাহরাস্তি থানার পুলিশ জানায়, এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর