
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট থেকে চাঁদপুর শহরের পথে চলাচলের সময় ঘটে যায় এক অনন্য মানবিক ঘটনা।
একটি সড়ক দুর্ঘটনায় আহতদের সহায়তায় এগিয়ে গিয়ে নিজের গুরুত্বপূর্ণ ব্যাগ হারিয়ে ফেলেন এক মোবাইল কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ। তবে সততা ও দায়িত্ববোধের কারণে সেই ব্যাগ আবার ফিরে আসে প্রকৃত মালিকের হাতে।
ঘটনাটি ঘটে দুপুর আড়াইটার দিকে।
সেম্পনি মোবাইল কোম্পানির চাঁদপুর সদর এলাকার সেলস রিপ্রেজেন্টেটিভ মাহবুবুর রহমান বাবুরহাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে একটি সিএনজিতে যাত্রা করছিলেন। পথে সামনে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
মানবিক দায়িত্ববোধ থেকে তিনি সিএনজি থেকে নেমে আহতদের সহায়তায় এগিয়ে যান। সেই সময় অসাবধানতাবশত সিএনজির ভেতরে নিজের কোম্পানির ৫২টি বাটন ফোনসহ ব্যাগটি রেখে যান। পরে সড়কে যানজট তৈরি হলে সিএনজি চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
কিছু সময় পর বিষয়টি বুঝতে পেরে সিএনজি চালক মো. রাজু ব্যাগটি দেখতে পান। তখনই তিনি মানবিকতার পরিচয় দেন। ব্যাগটি নিজের কাছে না রেখে সরাসরি চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে যান এবং ডিউটি অফিসারকে পুরো বিষয়টি জানান।
ডিউটি অফিসার বিষয়টি এএসআই তদন্ত কর্মকর্তাকে অবহিত করেন। এরপর ব্যাগে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ব্যাগটি প্রকৃত মালিক মাহবুবুর রহমানের হাতে তুলে দেয়।



