
মহসিন হোসাইন : ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে চাঁদপুরে উত্তাল পরিবেশ বিরাজ করছে । সাধারণ শিক্ষার্থী, এনসিপি ও জুলাই মঞ্চের সদস্যদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের ডাক দেয়। ডাকের পরপরই রাত ১১টার দিকে চাঁদপুর শহরের হাসান আলী মাঠ সংলগ্ন অঙ্গীকারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কালীবাড়ী সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর বাসস্ট্যান্ডে গিয়ে সমবেত হয়।
এ সময় মিছিলে উপস্থিত এনসিপি নেতা তামিম হোসেন জানান, জাহিদুল ইসলাম জুটন (৩৫) নামের এক যুবলীগ কর্মী প্রায় এক বছর আগে জুলাই আন্দোলনে অংশ নেওয়া এক সদস্যকে মারধর করেছিলেন। ওই ঘটনার জের ধরে বিক্ষোভকারীরা জুটনকে সামনে পেয়ে তাকে মারধর করতে গেলে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম জুটন এর আগে একটি ইয়াবা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তিনি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের ছোট ভাই।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিন্টু দত্ত। তবে এর আগেই উত্তেজিত জনতার মারধরে আহত হন জুটন। পরে আহত অবস্থায় জুটনকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত জুটন বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এ বিষয়ে চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি ছাত্রজনতা জুটনকে আটকে রেখেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ সময় পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে বিক্ষুব্ধ জনতাকে রাতভর কালীবাড়ী, বাসস্ট্যান্ড, ওয়্যারলেস মোড় ও শহরের প্রধান ফটক এলাকায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও মিছিল করতে দেখা যায়। এ সময় বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে।



