ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে। এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সেই ঘোষণার পর থেকে তাঁর জীবন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা বাড়তে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দোয়া ও উদ্বেগ প্রকাশ করেন। আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে শরিফ ওসমান হাদি সাম্প্রতিক সময়ে আলোচিত ছিলেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ শোক প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি’র মৃত্যুতে আমরা গভীর শোকাহত

জামায়াতে ইসলামী তাদের ভেরিফায়েড ফেসবুকে শোকবার্তা দিয়েছে : শোকবার্তায় দলটি লিখেছে, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা জনাব শরিফ ওসমান হাদী আজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন। মহান আল্লাহ তাকে ক্ষমা করুন, তার প্রতি রহম করুন এবং শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন। আমিন।’

এনসিপি শোকবার্তায় লিখেছে, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি আজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ দলটির পক্ষ থেকে লেখা হয়, ‘আমাদের এ সহযোদ্ধার অকালপ্রয়াণে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

এছাড়া ওসমান হাদীর মৃত্যুতে শোক জানিয়েছে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, ‘আমি ওসমান হাদীর শোকাহত পরিবার, স্বজন, সহকর্মী, বন্ধুসহ শোকাহত জনতার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছি, তার রুহের মাগফিরাত কামনা করে জান্নাতে তার উচু মাকামের জন্য দোয়া করছি। ওসমান হাদীর অসমাপ্ত স্বপ্ন ও সংগ্রামকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।’ (সূত্র : প্রথম আলো )

সম্পর্কিত খবর