চাঁদপুর–কুমিল্লা মহাসড়কে বাস বন্ধ, শ্রমিক দ্বন্দ্বে যাত্রীদের চরম ভোগান্তি

চাঁদপুর–কুমিল্লা মহাসড়ক। প্রতিদিনের ব্যস্ত এই সড়কেই হঠাৎ থমকে গেল বাস চলাচল। সকাল থেকেই বন্ধ হয়ে যায় একের পর এক বাস। আর তাতেই বিপাকে পড়েন শত শত যাত্রী।

ঘটনার সূত্রপাত কুমিল্লার জাঙ্গালিয়া বাস টার্মিনালকে ঘিরে। যাত্রী নিয়ে সেখানে যাওয়াকে কেন্দ্র করে আইডি পরিবহন ও বোগদাদ বাসের শ্রমিকদের মধ্যে হট্টগোল শুরু হয়। উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। এর জেরে সকাল থেকেই আইডি পরিবহন, বোগদাদ বাসসহ অন্যান্য বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এই মহাসড়কে দীর্ঘদিন এককভাবে যাত্রী পরিবহন করত বোগদাদ বাস। তখন যাত্রীপ্রতি ভাড়া ছিল ২০০ টাকা। পরে এই রুটে আইডি পরিবহন চালু হলে ভাড়া কমে দাঁড়ায় ১৮০ টাকায়। দুইটি পরিবহন থাকায় যাত্রীরা কিছুটা স্বস্তি পেতে শুরু করেছিলেন।

আইডি পরিবহন শুরুতে চাঁদপুর থেকে শাহরাস্তি দোয়াভাঙ্গা পর্যন্ত চলাচলের অনুমতি পায়। তবে ৫ আগস্টের পর তারা যাত্রী নিয়ে কুমিল্লা বিশ্বরোড পর্যন্ত চলাচল শুরু করে। মঙ্গলবার সকালে কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে যাওয়াকে কেন্দ্র করেই নতুন করে বিরোধ তৈরি হয়। এর ধারাবাহিকতায় চাঁদপুরে বাস চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে গোসেরহাট এলাকায়। সেখানে কয়েকটি বাস সড়কে রেখে অবরোধ তৈরি করা হয়। এতে করে যান চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে। পরে বাস মালিক সহ শ্রমিক দলের নেতারা ঘটনাস্থলে পৌঁছে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

যাত্রীরা জানান, এই রুটে আইডি পরিবহন ও বোগদাদ বাস—দুটি পরিবহন থাকলে তারাই উপকৃত হন। ভাড়া কমেছে, সেবাও কিছুটা বেড়েছে। তবে দুই পরিবহনেরই রোড পারমিট ও কাগজপত্র নিয়ে জটিলতা রয়েছে বলে জানা যায়। মালিকপক্ষের এই দ্বন্দ্ব ও রশি টানাটানির ফল ভোগ করতে হয়েছে সাধারণ যাত্রীদের।

সব মিলিয়ে, শ্রমিক ও মালিকপক্ষের বিরোধে আবারও প্রমাণ হলো—সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

সম্পর্কিত খবর