
ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥ চাঁদপুর ভোক্তা অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে কচুয়ায় বিভিন্ন হোটেল,ফার্মেসি,বেসরকারি হাসপাতাল ও খাবার তৈরির বেকারীসহ ৮টি প্রতিষ্ঠানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযানে কচুয়া উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর আহসান উল্লাহ, হাজীগঞ্জ-কচুয়া আর্মি ক্যাম্পের সেনা সদস্য ও কচুয়া থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।
জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলো হচ্ছে, ডুমুরিয়া রয়েল বেকারি ২০ হাজার টাকা, কচুয়া বিশ্বরোড এলাকার তৃপ্তি হোটেল এন্ড মিনি চাইনিজ ২০ হাজার টাকা, বনফুল হোটেল এন্ড রেস্টুরেন্ট ১০ হাজার, সৌদিয়া হোটেল ১০ হাজার ও নিউ জাহাঙ্গীর হোটেল ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিনে কচুয়া সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারসহ মোট ৮ টি প্রতিষ্ঠানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, পঁচা-বাসী খাবার ফ্রিজে সংরক্ষণ,অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে খাবারের হোটেল ও বেকারিতে জরিমানা করা হয়েছে। একই সাথে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফার্মেসিতে সংরক্ষণ রাখা,হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে জরিমানা করা হয়।
তিনি আরো জানান,অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেছেন। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



