চাঁদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৫

চাঁদপুর খবর রির্পোট: আত্মশক্তিতে উজ্জীবিত চাঁদপুরের সংগ্রামী চার নারী পেয়েছেন ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’।

পুরস্কারপ্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ বেপারী বাড়ির তানজিনা হক; শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মতলব উত্তরের ছেঙ্গারচর আদুর ভিটির রোমানা পাপড়ি; সফল জননী নারী হাজীগঞ্জের মকিমাবাদের রাবেয়া আক্তার এবং নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবনযুদ্ধে বিজয়ী নারী কচুয়া নাওলা গ্রামের বিলকিছ আক্তার।

মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এ চার নারীর হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, চাঁদপুর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার।

অনুষ্ঠানে এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবিরসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, নারী সংগঠক ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, নারীরা চাঁদের মতো আলো ছড়ায়, জ্যোতি ছড়িয়ে সমাজকে আলোকিত করে। নারী থেকেই আমাদের শুরু। আমার সন্তান নারী, আমার সহধর্মিণী নারী, এমনকি যে গর্ভে আমি জন্মেছি তিনিও একজন নারী। নারীরা ত্যাগের প্রতিচ্ছবি।

তিনি আরও বলেন, চাঁদপুরের নারীরা এখন আর ঘরে সীমাবদ্ধ নেই। তারা শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা ও প্রযুক্তি-সবক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করছে। যারা সমাজের নানা বাধা, লজ্জা, উপহাস ও সংগ্রাম পেরিয়ে দাঁড়িয়েছে, তারা সত্যিই অদম্য। মানসিকভাবে নারীদের উজ্জীবিত থাকা খুব প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর বলেন, ডিজিটাল যুগে নারীর জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা। অনলাইন ও বাস্তব-দুই ক্ষেত্রেই নারীর সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার এসএম. তানভীর রশিদ। অনুষ্ঠানের আগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করা হয়।

সম্পর্কিত খবর