চাঁদপুরে ৯ম জাতীয় পে-স্কেলসহ বিভিন্ন দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ

ইব্রাহিম খান : চাঁদপুরে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নসহ ইনক্রিমেন্ট বৃদ্ধি, মহার্ঘ ভাতা প্রদান ও বিভিন্ন বৈষম্য দূরীকরণের দাবিতে সরকারি কর্মচারীদের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

০৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ হান্নান। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ বেল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুল মান্নান। সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান দেওয়ান।

বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ৯ম জাতীয় পে-স্কেল ঘোষণা, ইনক্রিমেন্ট বৃদ্ধি ও মহার্ঘ ভাতা প্রদান এখন সময়ের দাবি। তারা আরও বলেন, নানামুখী বৈষম্য দূরীকরণ ও আর্থিক স্বস্তি ফেরাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্পর্কিত খবর