
মহসিন হোসাইন : চাঁদপুর সদর মডেল থানার রাজরাজেশ্বর ইউনিয়নের আসকা বাজার এলাকার এক কৃষকের আট মাসের গর্ভবতী অস্ট্রেলিয়ান জাতের গরু চুরি করে জবাই করার অভিযোগ উঠেছে। ঘটনাটি গত ১ ডিসেম্বর গভীর রাতে বলিয়ারচর এলাকায় ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মোঃ সমিদ হাওলাদার (৬০) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, সমিদ হাওলাদার কৃষিকাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে খামারি হিসেবে ১০টি গরু পালন করে আসছেন। রবিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি প্রতিদিনের মতো গোয়ালঘরে গরুর খাবার দিয়ে বাড়ি ফিরে যান। এরই সুযোগে স্থানীয় ইমরান মিজি (৩০), তার শ্বশুর মাহমুদ আলী সরকার (৬০) এবং আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি সংঘবদ্ধভাবে গোয়ালঘরে প্রবেশ করে তার গর্ভবতী গাভীটি চুরি করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
পরদিন (১ ডিসেম্বর) সকালে গরুকে খাবার দিতে গিয়ে গাভীটি না পেয়ে ছমিদ হাওলাদার বিষয়টি আঁচ করতে পারেন। পরে এলাকাবাসীর সহায়তায় অনুসন্ধান করে রাজরাজেশ্বরের বলিয়ার চর জঙ্গলে গাভীটির চারটি পা পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি লালচে খয়েরি রঙের গামছাও উদ্ধার হয়, যা স্থানীয়দের ভাষ্যমতে বিবাদী ইমরান মিজির বলে পরিচিত।
অভিযোগে আরও বলা হয়েছে, বিষয়টি ইমরান মিজির শ্বশুর মাহমুদ আলী সরকারকে জানালে তিনি স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দিলেও পরে ইমরানকে পালিয়ে যেতে সহায়তা করেন। এতে হতাশ হয়ে কৃষক ছমিদ হাওলাদার শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেন। চুরি হওয়া গাভীটির বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে তিনি দাবি করেছেন। গাভীটি প্রতিদিন প্রায় ২০ লিটার দুধ দিত বলেও জানান তিনি।
ঘটনায় বেশ কয়েকজন প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীর নাম উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক। চাঁদপুর সদর মডেল থানার (ওসি) অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বলেন অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



