
স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৫-২৬” এর আওতায় সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচর গাজী বাড়িতে “তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৩ ডিসেম্বর ) সকাল ১০ টায় ভড়ঙ্গারচর গাজী বাড়ি উঠানে এই নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারী সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী।
জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী।
সভায় বক্তারা তারুণ্য নির্ভর উন্নয়ন, জবাবদিহিমূলক প্রশাসন ও বৈষম্যহীন সমাজ গঠনে নারীর ভূমিকা তুলে ধরেন। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগে নারীদের সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ ও সন্ত্রাস দমন, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার, নারী শিক্ষার প্রসার এবং জেন্ডার সমতা নিশ্চিত করার বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করেন।
এসময় জেলা তথ্য অফিসের অফিস সহকারী আবুল বাশার, দৈনিক আদি বাংলা পত্রিকার মফস্বল সম্পাদক রাসেল গাজী, দৈনিক একাত্তর কন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ওমর শরীফ, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম হাজী, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম সর্দার সহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।



