বিশিষ্ট ব্যবসায়ী ও ধর্মানুরাগী রাজ্জাক মোল্লার ইন্তেকাল

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ বিশিষ্ট হার্ডওয়্যার ব্যবসায়ী (মোল্লা হার্ডওয়্যার) ও মমিনপাড়া বহরদার বাড়ি রোডস্থ আব্দুস সামাদ জামে মসজিদের মুতাওয়াল্লী আ. রাজ্জাক মোল্লা (৭১) আর বেঁচে নেই।

গত সোমবার (১ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত ৪টা ৩০ মিনিটের সময় কোড়ালিয়া রোডস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না…………রাজেউন)।

মরহুমের জানাজার নামাজ কোড়ালিয়া নূর পাটওয়ারী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মরহুমের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন চেয়ারম্যানঘাটা বাইতুল আমান জামে মসজিদের খতিব মাও. মো. সাইফুদ্দিন খন্দকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন হাওলাদার, বিএনপি নেতা আব্দুল আজিজ পাটওয়ারী, পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হারুনুর রশিদ পাটওয়ারী, আব্দুস সামাদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও. মোহাম্মদ দ্বীন ইসলাম ও মরহুমের মেজো ছেলে মো. রাসেল মোল্লা।

জানাজায় ইমামতি করেন নূর পাটওয়ারী জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবদুর রহমান।

আ. রাজ্জাক মোল্লা মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। জানাজায় বিপুল পরিমাণ মুসল্লি অংশ নিতে দেখা গেছে। পরে কোড়ালিয়া রোডস্থ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সম্পর্কিত খবর