
মহসিন হোসাইন: চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ২৩০টি মাদ্রাসার প্রধানদের নিয়ে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর ২০২৫) চাঁদপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বক্তব্যে বলেন, সমাজে আলেমদের প্রতি মানুষের শ্রদ্ধা সর্বোচ্চ। আলেমরা সহজেই একটি সমাজকে পরিবর্তনের ক্ষমতা রাখেন, যদি তারা নিজেদের জীবনে আল্লাহর বিধানকে গুরুত্বসহকারে অনুসরণ করেন। অনেক সময় কম মেধার সন্তানকে মানুষ মাদ্রাসায় পাঠালেও দেখা যায়, সেই শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হয়। একজন হাফেজকে পৃথিবীর সব শ্রেণির মানুষই সম্মান করে। এই মেধাবীরা যদি দেশ গঠন ও সমাজ সংশোধনে আন্তরিক হন, তাহলে সমাজে কোনো অসঙ্গতি বা দুঃশাসন থাকার কথা নয়।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন— জনগণ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এমন পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা এ বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছি।
জেলা প্রশাসক জানান, ডিসেম্বর মাসে প্রতিষ্ঠান বন্ধ থাকলেও তিনি যেকোনো সময় স্কুল, মাদ্রাসা, কলেজসহ যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন।
তিনি বলেন, আমি দেখতে চাই প্রতিটি প্রতিষ্ঠান কতটা পরিপাটি, সাজানো-গোছানো এবং পরিচ্ছন্ন। এ ক্ষেত্রে মাদ্রাসাগুলো আদর্শ হিসেবে এগিয়ে থাকবে—এটাই প্রত্যাশা। পৃথিবীর অনেক দেশে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের শিষ্টাচার শেখানো হয়। রাস্তায় হাঁটার নিয়ম, রাস্তা পারাপার, অন্যের সঙ্গে আচরণবিধি, নিজের জিনিসপত্র গুছিয়ে রাখা, পারিবারিক সহযোগিতা ইত্যাদি। এ বিষয়ে আমরা পিছিয়ে আছি। এসব দক্ষতা শিক্ষার্থীদের শেখানো শিক্ষকদের দায়িত্ব।
নিজের কর্মজীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি এনবিআরে চাকরি করেছি, কিন্তু কোনো অবৈধ অর্থ আমার পকেটে ঢোকেনি।
মাদ্রাসায় শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের নির্দেশনা দেন জেলা প্রশাসক। তিনি বলেন, মাদ্রাসায় ডিবেট কম্পিটিশন, ইংলিশ ডিবেট কম্পিটিশন, ইংলিশ স্পিচ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। বিজয়ীদের পুরস্কারের ব্যবস্থা জেলা প্রশাসন করবে। সহপাঠক্রমিক কার্যক্রম যেমন শিক্ষা সফর ও বনভোজনের আয়োজন নিজ উদ্যোগে করতে হবে। শিক্ষাদান পদ্ধতি হবে বাস্তবভিত্তিক, যা শেখানো হবে, শিক্ষার্থীরা যাতে তা বাস্তবে পালন করে।
তিনি আরও জানান, চাইলে আগামী সপ্তাহ থেকেই ডিবেট কম্পিটিশন শুরু করা যাবে এবং প্রশাসন প্রয়োজনীয় সহায়তা দেবে।
পারিবারিক বন্ধন রক্ষার বিষয়ে তিনি বলেন, পরিবারকে সময় দিতে হবে। স্ত্রী-সন্তানের সঙ্গে এক টেবিলে খেতে হবে—এতে সম্পর্ক মধুর হয়। পরিবারে সালামের সংস্কৃতি চালু করুন। স্ত্রীকে সালাম দিন, সন্তান যেন আপনাদের কাছ থেকে শিখে। পারিবারিক আচরণ ভালো হলে সন্তান কখনো কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়াবে না। আমি চাই আপনাদের পরিবারগুলো সুন্দর হোক। এ জেলায় আমার নামে কোনো নামফলক বসবে না। আমি চাই—আপনাদের হৃদয়ে আমার নামফলক থাকুক।
সর্বশেষ তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন,
সব কাজ করবেন ঈমানের অনুভূতি দিয়ে। সময়মতো প্রতিষ্ঠানে আসবেন, নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করবেন। আল্লাহ চাইলে জীবনে ভালো থাকবেন।
এসময় জেলা প্রশাসক শিক্ষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মাদ্রাসা শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
চাঁদপুর জেলা প্রশাসনের এই মতবিনিময় সভাটি মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে নতুন প্রত্যাশা ও উদ্দীপনা যোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এসময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ।
সভায় চাঁদপুর জেলার ২৩০টি মাদ্রাসার প্রধানগণসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



