চাঁদপুরে চারদফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত

মহসিন হোসাইন: চাঁদপুরে চারদফা দাবির পক্ষে অবস্থান নিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরা আজ (১ ডিসেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন।

এর ফলে জেলার সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নির্ধারিত পরীক্ষাও স্থগিত থাকে।

চাঁদপুর জেলার মোট ৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সদর উপজেলার ৩টি, হাইমচরের ২টি এবং মতলবের ২টি প্রতিষ্ঠানেই সকাল থেকে ক্লাস-পরীক্ষা পুরোপুরি বন্ধ দেখা গেছে। সরেজমিন ঘুরে এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

শিক্ষকদের দাবি—সমাধান না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মেহেদী হাসান বলেন, আমাদের চারদফা দাবি বাস্তবায়ন হলেই আমরা আবার স্বাভাবিক ক্লাসে ফিরতে প্রস্তুত।

একই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শফিকুর রহমান আরও বলেন, টাইম স্কেল, সিলেকশন গ্রেডসহ দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়েই আমাদের এই কর্মবিরতি। আদালতের রায় থাকা সত্ত্বেও আমরা সঠিক সুবিধা পাচ্ছি না। বিশেষ করে ১৯৯৯, ২০০১, ২০০২, ২০০৫, ২০০৭ ও ২০০৯ সালের শিক্ষকেরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত।

তারা বলেন, কাজে ফিরতে চাই, তবে দাবির বাস্তবায়ন চাই বলে শিক্ষকদের সুর এক রেখে চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মনির হোসেন বলেন, আমরা কর্মবিরতি চালাচ্ছি শুধু দাবি আদায়ের জন্যই। শিক্ষা উপদেষ্টা দ্রুত পদক্ষেপ নিলে আমরা তাৎক্ষণিকভাবে কার্যক্রমে ফিরে যেতে প্রস্তুত।

হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়শা আক্তার জানান, আজ আমরা কর্মবিরতি পালন করেছি, পরীক্ষাও স্থগিত ছিল। আমরা কখনই চাই না পরীক্ষার্থী ও ক্লাস কার্যক্রম ব্যাহত হোক। খুব দ্রুত সমাধান আশা করছি।

এদিকে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক পারভীন আক্তার বলেন, আমরা ক্লাস নিতে উদগ্রীব। শুধু চারদফা দাবি বাস্তবায়ন হলেই আমরা আবার পুরোপুরি কাজে ফিরব।

শিক্ষকদের দাবি নিয়ে আলোচনা ইতোমধ্যে শিক্ষা প্রশাসনের নজরে এসেছে। তারা দ্রুত সমাধানের আশায় থাকলেও দাবি পূরণের নিশ্চয়তা না পেলে কর্মবিরতি আরও চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। তবে শিক্ষা উপদেষ্টার নিকট জোরদাবি জানিয়ে তারা বলেন, আমরা আমাদের দাবি বাস্তবায়ন চাই। আশাকরি তিনি আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবেন।

সম্পর্কিত খবর