
মহসিন হোসাইন: চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম–এর পার্বত্য রাঙামাটি জেলায় বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) সকাল ১০ টায় চাঁদপুর পুলিশ লাইন্সে এই বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবির।
অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে মুহম্মদ আব্দুর রকিব পিপিএম-কে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। তিনি ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দে চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং প্রায় ১ বছর ২ মাস ১০ দিন দায়িত্ব পালনকালে দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে চাঁদপুরবাসীর মন জয় করেন।
চাঁদপুরে দায়িত্ব পালনকালে তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। একজন পেশাদার, মানবিক, পরিশ্রমী, সৎ ও চৌকস পুলিশ অফিসার হিসেবে তিনি সহকর্মী ও চাঁদপুরবাসীর কাছে প্রশংসিত হন। তাঁর বিদায়ে সহকর্মীরা আবেগপ্রবণ হয়ে ওঠেন এবং পেশাগত ও ব্যক্তিগত জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
বিদায়কালে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, আমি যে কয়দিন ছিলাম, চেষ্টা করেছি জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। জনগণের কাছাকাছি গিয়ে সেবা দিতে। আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আমার জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন বলে তিনি তার মূল্যবান বক্তব্য শেষ করেন।
এতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরী, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ,জেলা বিশেষ শাখা ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ,শহর ও যানবাহন শাখা পুলিশ পরিদর্শক, কোর্ট পুলিশ পরিদর্শক, চাঁদপুর জেলা পুলিশ লাইন্স আরআই, রিজার্ভ অফিস আরও-০১ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও ফোর্সগণ।
বদলিজনিত এ বিদায় সংবর্ধনা চাঁদপুর জেলা পুলিশের এক আবেগঘন মুহূর্তে পরিণত হয়।



