
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার লাকসাম-চাঁদপুর রেলপথের শাহতলী বাজার রেলগেইটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস (আন্তনগর) ট্রেন ও মোটর সাইকেলের সংঘর্ষে আহত মোটর সাইকেল চালক আবুল কালাম হাওলাদার (৬৫) মারা গেছেন।
গতকাল ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন) । নিহত ব্যক্তির নাম আবুল কালাম হাওলাদার (৬৫)। তিনি চাঁদপুর সদর উপজেলার দাসাদী গ্রামের হওলাদার বাড়ির বাসিন্দা।
২৬ নভেম্বর (বুধবার) রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজার রেলগেইটের দায়িত্বপ্রাপ্ত গেইটম্যান মোবারক এর গাফলতিতে এ দূর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস শাহতলী বাজার রেলগেট অতিক্রম করছিল। ওই সময় মোটরসাইকেলটি ট্রেনের নিচে পড়ে দুমড়ে–মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন চালক আবুল কালাম হাওলাদার। প্রথমে তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকায় রেফার করা হয়। অপর জন মোটর সাইকেল আরোহী মো: সবুজ মৃধা গুরুতর আহত হয়েছেন।
এদিকে, শাহতলী বাজার এলাকার কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, দুর্ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত গেটম্যান মোবারক হোসেন রেলগেটটিতে উপস্থিত ছিলেন না। তিনি সময়মতো ব্যারিয়ার নামালে এ দুর্ঘটনা ঘটত না। দুর্ঘটনার পর থেকে মোবারক পলাতক রয়েছে।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কর বলেন, ‘এ ঘটনার পর আমরা আবুল কালাম হাওলাদার এর বাড়িতে যোগাযোগ করেছি। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। গেটম্যানের গাফিলতি ছিল কি না, সেটি তদন্ত করে দেখা হবে।



