চাঁদপুরে জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মহসিন হোসাইন: চাঁদপুর সদর উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল (২৬ নভেম্বর ২০২৫) সদর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠান প্রধানদের ২০২৫ শিক্ষাবর্ষের পরিকল্পনা হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কাউট, গার্লস গাইড, ক্ষুদে ডাক্তার দল, কিশোর-কিশোরী ক্লাবসহ বিভিন্ন দল পুনর্গঠনের নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া বিদ্যালয়ভিত্তিক সহশিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ করতে ডিবেট ক্লাব, সায়েন্স ক্লাব, ল্যাংগুয়েজ ক্লাব, কালচারাল ক্লাব, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, দাবা ও অ্যাথলেটিক ক্লাব গঠনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এসব ক্লাবের কার্যক্রম ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন ৩ থেকে ৪ পিরিয়ড মাঠে শিক্ষার্থীদের নিয়ে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও জানানো হয়, প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে হাউজ গঠন করে হাউজভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করতে হবে, যাতে শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত হয় এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়।

অনুষ্ঠানটি সার্বিকভাবে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহশিক্ষা কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয়ে সকল সংশ্লিষ্টদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সম্পর্কিত খবর