চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের পরিচিতি ও মতবিনিময়

মহসিন হোসাইন : চাঁদপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৪ নভেম্বর) সোমবার বিকেল ৩টায় জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাগত চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, আমি চাঁদপুরের জেলা প্রশাসক। আমার দায়িত্ব রয়েছে, দায় রয়েছে—সেই দায় নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিতে চাই। তিনি আরও জানান, সময় নিষ্ঠতার প্রতি তিনি অত্যন্ত গুরুত্ব দেন এবং চাঁদপুরের মানুষের উন্নয়ন ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।

জেলা প্রশাসক বলেন, আমরা আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকার ঘোষণার দিকে এগিয়ে যাচ্ছি। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ মানুষকে সেবক হিসেবে সেবা দেবেন—এটাই আমার প্রত্যাশা।

সভায় জেলার ইলিশ উৎপাদন, শহরের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, পরিবেশ ও নগরায়ন সংক্রান্ত নানা বিষয় আলোচনা হয়। জেলা প্রশাসক চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, তিনি জেলায় একটি সুষম ও সমন্বিত উন্নয়নের চিত্র দেখতে চান।

সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সদর বিএনপির সাধারণ সম্পাদক শাহজালাল মিশন, চাঁদপুর জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, ডাঃ মোবারক হোসেন, নারী পিপি অ্যাড. কোহিনূর বেগম, চাঁদপুর উইমেন চেম্বারের সভাপতি মুনিরা আক্তার, গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজ অধ্যক্ষ ল্যাফ. শোয়াইব আহমেদসহ অনেকে।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক পৌরসভার পানির অবস্থা নিয়ে গুরুতর সমস্যা তুলে ধরে বলেন, শহরের পানি ডাকাতিয়া নদীর ময়লা ও নোংরা পানি থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে সংগ্রহ করা হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পানি সরবরাহে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

অন্যান্য বক্তারা শহরের খাল-বিল, নদী দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা অপসারণ, মাস্টার প্ল্যান অনুযায়ী শহর পরিচালনা, পরিকল্পিত নগরায়ন, পরিবেশ সংরক্ষণ ও এর প্রতি সকলে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, চাঁদপুর জেলা বিএনপি সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সেলিমু সালাম, সহ-সভাপতি বিএম শাহজাহান, জেলা হিন্দু বৈদ্য ঐক্য পরিষদ সভাপতি অ্যাড. বিনয় ভূষন মজুমদার, অ্যাড. জসিম মেহেদি, অ্যাড. শাহজাহান খান, ড. কাজি হাসেম, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বাবুরহাট উচ্চ বিদ্যালয ও কলেজ অধ্যক্ষ মোশাররফ হোসেন, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, এনসিপি প্রধান সমন্বয়ক মাহবুব আলমসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সম্পর্কিত খবর