
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষের সমর্থনে একত্র হচ্ছেন ঢাকাস্থ চাঁদপুর সদর আসনের ভোটার, ব্যবসায়ীসহ পেশাজীবী মানুষ। সাথে থাকবেন বিএনপির ঢাকাস্থ নেতা-কর্মীরাও। এ উপলক্ষে তারা এক বিশাল সুধী সমাবেশের আয়োজন করছে।
আগামী রোববার (২৩ নভেম্বর) বিকেল তিনটায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ধানের শীষের প্রার্থীর সমর্থনে সুধী সমাবেশ। ইতোমধ্যে এই সমাবেশকে সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের সমন্বয়ে গুলিস্তান, কাওরান বাজার, ইসলামপুর, নবাবপুর, সিদ্দিকবাজারসহ ঢাকার বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে রাজধানীতে একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে।
এসব প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবু তাহের পাটোয়ারী, তাঁতী দল কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আলহাজ্ব আজহার উদ্দিন মিয়া, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মো. আবুল কালাম জমাদার, চাঁদপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হানিফ মাস্টার প্রমুখ।
প্রস্তুতি সভায় ঢাকায় বসবাসকারী চাঁদপুর-৩ আসনের ভোটার, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও ছিলেন।
বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব আবুল কালাম জমাদার জানান, চাঁদপুর-০৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী জননেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের পক্ষে আমাদের এই আয়োজন সাধারণ দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের বিপুল সাড়া পাচ্ছে।
২৩ তারিখ রোববার ঢাকার এই মিটিংয়ে বহু লোক সমাগম হবে। আমরা সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।



