মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে আবেদনের প্রস্তুতি শুরু

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শিগগিরই এ রায়ের কপি জেলা প্রশাসকসহ কয়েকটি দপ্তরে পাঠানো হবে বলে সাংবাদিকের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।

এছাড়া ইন্টারপোলে পূর্বে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার বদলে কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে আবেদনের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘গতকাল পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় প্রদান করেছেন ট্রাইব্যুনাল। রায়ের শেষ প্যারাতেই উল্লেখ আছে যে, এই রায়ের একটি সার্টিফাইড কপি ট্রাইব্যুনালের প্রসিকিউশন পাবে এবং একটি সার্টিফাইড কপি এই মামলায় যে আসামি উপস্থিত ছিলেন তিনি পাবেন। যে আসামিরা পলাতক আছেন তারা যদি ৩০ দিনের মধ্যে সারেন্ডার করেন অথবা গ্রেফতার হন তাহলে তারাও এই রায়ের একটি সার্টিফাইড কপি পাবেন ফ্রি অব কস্ট (বিনামূল্যে)।’

‘আরেকটি কথা ট্রাইব্যুনাল বলে দিয়েছেন সেটা হলো এই রায়ের আরেকটি কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, মানে ঢাকার জেলা প্রশাসক যিনি এজ ওয়েল এজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উনার কাছে ফর কমপ্লায়েন্স এর জন্য যাবে এটার কার্যকারিতার জন্য। এটাই হলো রায়, বলা আছে এবং এটাই হবে’-যোগ করেন তিনি।

প্রসিকিউটর তামিম আরও বলেন, ‘আমরা যেটা করব সেটা হলো যে দুজন আসামি পলাতক আছেন, তাদের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানার কপিসহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিস জারির জন্য আবেদন করব। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি।’ উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনো তিনি সেখানেই অবস্থান করছেন।

পলাতক ও দণ্ডিত আসামিদের বক্তব্য প্রচারে এনসিএসএ’র সতর্কতা :

এদিকে দেশের বিভিন্ন ডিজিটাল বা ইলেকট্রনিক প্ল্যাটফর্মে পলাতক ও দণ্ডিত আসামিদের দেওয়া মিথ্যা বক্তব্য প্রচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। একই সঙ্গে এ ধরনের প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সতর্ক করেছে সংস্থাটি। সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে এনসিএসএ জানায়, গত এক সপ্তাহ ধরে এসব মিথ্যা বক্তব্য জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা ক্ষুণ্ন করেছে এবং এখনো করছে।

বিবৃতিতে বলা হয়, কিছু ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক এমন বক্তব্য প্রচার করছে, যা সহিংসতা তৈরি করছে, জনমনে সহিংসতার উদ্বেগ সৃষ্টি করছে এবং ব্যাপক বিশৃঙ্খলা বা অপরাধমূলক কার্যক্রমকে উৎসাহিত করছে । এনসিএসএ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন ।

বিবৃতিতে বলা হয়, ‘১৭ নভেম্বর ২০২৫ তারিখে দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ৪৫৩ পৃষ্ঠার এই রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’ এই প্রেক্ষাপটে এনসিএসএ জানায়, দেশের আদালতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার দেশের সার্বিক সামাজিক স্থিতিশীলতা (সোশ্যাল হারমনি) নষ্ট করছে। বিবৃতিতে এ ধরনের বক্তব্যে সহিংসতার আহ্বান থাকায় এগুলো সহিংসতা উসকে দিচ্ছে, বিশৃঙ্খলা, নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে প্ররোচনা দিচ্ছে বলে উল্লেখ করা হয়।

সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স ২০২৫-এর ২৬(১) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে, জেনেু বুঝে বা ভুয়া পরিচয়ে নিজের বা অন্যের আইডিতে অবৈধভাবে প্রবেশ করে সাইবার জগতে ঘৃণামূলক বক্তব্য প্রকাশ বা প্রচার করে যা সহিংসতা সৃষ্টি করে বা উদ্বেগ বাড়ায়, অথবা বিশৃঙ্খলা বা অপরাধমূলক কাজের নির্দেশনা দেয় তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। ২৬(২) ধারায় বলা হয়েছে, এই অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। এ কারণে এনসিএসএ সংশ্লিষ্ট পক্ষকে সতর্ক করে বলেছে, পরিস্থিতি অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা প্রয়োজনীয় তথ্য বা বক্তব্য অপসারণ, ব্লক বা প্রয়োজন হলে স্থানান্তরের ব্যবস্থা নিতে পারে। এনসিএসএ মহাপরিচালকের মাধ্যমে এসব ব্যবস্থা নেওয়া যাবে।

প্রয়োজনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করা যেতে পারে। (সূত্র : বাসস/যুগান্তর)

সম্পর্কিত খবর