
মহসিন হোসাইন: চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয় গতকাল (১৭ নভেম্বর ২০২৫) সোমবার। জানা যায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
এসময় বিদ্যালয় পরিদর্শনে যান চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
পরিদর্শনকালে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষমুখী করার লক্ষ্যে শিক্ষকদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ত্রিমাত্রিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া শিক্ষকদের হোম ভিজিটিং, অভিভাবক সমাবেশ আয়োজন ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।
শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানের পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা এবং সহপাঠক্রমিক কার্যক্রমে সম্পৃক্ত করার দিকনির্দেশনা দেওয়া হয়। শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি এবং নির্ধারিত সময়ে অবস্থান নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে এই পরিদর্শন ছিল অত্যন্ত ফলপ্রসূ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



