
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর শহরের ওয়ারল্যাছ এলাকায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে তীব্র আলোচনার ঝড়।
সবাই প্রশ্ন করছে-এটা কি আত্মহত্যা, নাকি লুকানো কোনো হত্যাকাণ্ড। গতকাল (শনিবার) গভীর রাতে ঘটে এই ঘটনা।
পুলিশ জানায়, ওয়ারল্যাছ এলাকার মো. আব্দুল খালেক ছৈয়ালের ছেলে ২৭ বছর বয়সী নাইমুল ইসলাম জিয়ার মরদেহ বাড়ির উঠানের আমগাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের দাবি, নাইমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায়ই মাদকের টাকা না পেয়ে পরিবারের সাথে ঝগড়া করতেন এবং ঘর থেকে বের হয়ে যেতেন। ঘটনার আগের রাতেও তিনি নাকি কয়েকবার টাকা চেয়েছিলেন। না পেয়ে রাগ করে ঘর থেকে বের হয়ে আবার ফিরে আসেন। রাত দুইটার দিকে শেষবার বের হওয়ার পর আর ফেরেননি।
ভোরে এক প্রতিবেশী ফজরের নামাজে বের হয়ে প্রথমে ঝুলন্ত দেহটি দেখতে পান। খবর পেয়ে পরিবার মরদেহ নামায় এবং পুলিশকে জানায়। পরে চাঁদপুর সদর মডেল থানার এসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পর থেকে নিহত যুবকের বড় ভাইয়ের সন্ধান মিলছে না। আর এ বিষয়টিই এলাকায় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। স্থানীয়দের মধ্যে সন্দেহ বাড়ছে—এটা কি সত্যিই আত্মহত্যা, নাকি ঘটনার পেছনে আছে অন্য কোনো রহস্য।
ঘটনাটি এখন তদন্তের অপেক্ষায়, আর চাঁদপুরের মানুষ জানতে চায়—এই রহস্যের সত্যিকারের উত্তর ঠিক কী।



