নবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় পুরানবাজারে থমথমে অবস্থা

মহসিন হোসাইন: চাঁদপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটুক্তির ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সোমবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১০ টা থেকে শুরু হয়ে ১১টার দিকে চাঁদপুর পুরানবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহার মিয়া পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে সেনাবাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত হন।

এক পর্যায়ে উত্তেজিত জনতা পুলিশ ও সেনাবাহিনীর দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে ইসকন (অনিক) নামে এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে নবীজিকে নিয়ে কটুক্তি করেন। এ ঘটনায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ তখন থেকেই অভিযুক্তকে শনাক্তে কাজ করছিল। এর মধ্যেই অনিকের বন্ধু জয় বর্মনও একই ধরনের কটুক্তি করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পরে জয় বর্মন পুরানবাজার এলাকার একটি মন্দিরে আশ্রয় নেন। খবর পেয়ে স্থানীয়রা সেখানে জড়ো হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত আকার ধারণ করে।

চাঁদপুর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।

চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল জোরদার করেছে এবং পরিস্থিতি শান্ত রাখতে তৎপর রয়েছে।

সম্পর্কিত খবর