
স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার কর আদায়কারী তৌহিদুল ইসলাম চপলের বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
সম্প্রতি চপলের বিরুদ্ধে জেলা জাতীয নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মাহবুব আলমের নাম ও সাক্ষর দিয়ে একটি অভিযোগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। যার অনুলিপি ও ফটো কপি স্থানীয় নানা দপ্তর ও বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানো হয়।
এ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় যার নাম দিয়ে চিঠিটি নানা স্থানে প্রেরণ করা হয়েছে সেই চিঠিটি সম্পর্কে তিনি কিছুই জানেন না।
এ ব্যাপারে এনসিপির জেলা সমন্বয়ক মাহবুব আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন ‘কে বা কারা আমার নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চিঠি দিয়েছে। তাছাড়া আমি চপল সাহেবকে চিনিওনা। তার সাথে আমার কোনদিন দেখাও হয়নি। তবে যতটুকু জেনছি চাঁদপুর পৌরসভায় দুটি গ্রুপ রয়েছে। এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে কাজ করে থাকে’।
চাঁদপুর পৌরসভার প্রশাসক মো.গোলাম জাকারিয়া বলেন ‘তৌহিদুল ইসলাম চপলের বিষয়টি আনুষ্ঠানিক তদন্ত করে দেখিনি। তবে অভিযোগে যা বলা হয়েছে তার কোন সত্যতা দেখছিনা। যিনি এই অভিযোগ করেছেন তিনিও(মাহবুব) আমাকে জানিয়েছেন এ ধরনের চিঠি সম্পর্কে তিনি কিছুই জানেন না। এ চিঠির সাক্ষরও তার নয়। আমি সম্প্রতি সম্পন্ন হওয়া পূজার সময় সংশ্লিষ্ট এলাকায় গেলে চপলের বাসার খোঁজখবর নিলে এ চিঠির বিবরণেন কোন সত্যতা মিলেনি’।
চাঁদপুর পৌর সভার কর আদায়কারী তৌহিদুল ইসলাম চপল জানান ‘এ পৌরসভার অবসরে যাওয়া একজন কর্মকর্তা আমার ব্যক্তিগত নথির বিভিন্ন তথ্যাদি চুরি করে আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য বেনামে অভিযোগ দিয়ে কল্পকাহিনীর অপকর্ম করেছে’।



