চাঁদপুরে ১৪৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই দোকানীকে জরিমানা

স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের বাবুরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ টিম। এ সময় অবৈধভাবে পলিথিন বিক্রির দায়ে দুই দোকানীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়—প্রতিজনকে ৫ হাজার টাকা করে।

রোববার (২ নভেম্বর ২০২৫) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুস শাহাদাত ফাহিম। নিষিদ্ধ পলিথিন উদ্ধারে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

অভিযান চলাকালে ফখরউদ্দীন (৪০) নামের এক দোকান থেকে ৫৩ কেজি এবং বিল্লাল পাটোয়ারী (৪৫) নামের আরেক দোকান থেকে ৯৪ কেজি পলিথিন জব্দ করা হয়। মোট ১৪৭ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয় এই অভিযানে।

অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও চাঁদপুর জেলা পুলিশের একটি টিম। পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে আমাদের নিয়মিত অভিযান চলছে। পরিবেশ রক্ষায় এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাঁদপুর জেলায় পরিবেশ রক্ষায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এমন কঠোর ও নিয়মিত অভিযানে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত খবর