
মো:শওকত করিম : “রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৫ পালিত হয়েছে।
রোববার (২ নভেম্বর ২০২৫) সকালে এ উপলক্ষে চাঁদপুরে র্যালি, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান আন্দোলনের পথিকৃৎ ‘সন্ধানী’। রক্তদানের পাশাপাশি তারা চক্ষু ব্যাংক হিসেবেও কাজ করছে। অন্যান্য সংগঠনও মানবিক এই কাজটি করে আসছে। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, তবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আরও বেগবান হবে। মৃত্যুর আগে চক্ষুদানে উৎসাহ দিতে হবে। আমার চোখ দিয়ে আরেকজন মানুষ পৃথিবী দেখতে পারবে এর চেয়ে মহৎ কাজ আর কী হতে পারে!
তিনি আরও বলেন, রক্তদান ও মরণোত্তর চক্ষুদান মানবতার সর্বোচ্চ দৃষ্টান্ত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এই মহৎ কাজে এগিয়ে আসতে হবে। এতে সমাজ আলোকিত হবে এবং মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হবে।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম), সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মো. একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মাও. খাজা আহমদুল্লাহ, এবং চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট প্রধান ওমর বিন ইউসুফসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অংশীজন। সভা সঞ্চালনা করেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, রক্তদান ও মরণোত্তর চক্ষুদান মানবতার এক অনন্য উদাহরণ। নিয়মিত রক্তদান একজন অসুস্থ মানুষের জীবন বাঁচায়, আর মরণোত্তর চক্ষুদান অন্ধ মানুষের জীবনে নতুন আলো জ্বালায়। আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা স্বাস্থ্য বিভাগ, রেড ক্রিসেন্ট, সন্ধানীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে বক্তারা সবাই মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
তাদের মতে,রক্তদানে হয় না ক্ষতি, বরং বাঁচে অন্যের জীবন; চক্ষুদানে ছড়িয়ে যায় মানবতার আলো। চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায়ও একই কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।



