
চাঁদপুর খবর রিপোর্ট : এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রাজনৈতিক ব্যক্তিদের বাদ দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠনের পরিপত্রকে বৈষম্যমূলক উল্লেখ করে আদালতে রিট দায়ের করা হয়েছিলো।
এই রিটের প্রেক্ষিতে কমিটি গঠন সংক্রান্ত পরিপত্র স্থগিত করে আদালত। সোমবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সূত্রে এ তথ্য জানিয়েছে।
গতকাল (৩০ অক্টোবর ২০২৫) খ্রিস্টাব্দ উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ.জেড. মোরশেদ আলীর স্বাক্ষরিত ৩৭.০০.০০০০.০০০.০৭২.৩১.০০০১.২৫.৫০ স্মারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে প্রেরিত এক পরিপত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পরিপত্রে উল্লেখ্য করেন যে, মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-১৬৭৫৭/২০২৫ এর প্রেক্ষিতে ২১/১০/২০২৫ তারিখের আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.২২৪, তারিখ: ০৮/০৯/২০২৫ এ জারীকৃত পরিপত্রটি ৩ (তিন) মাসের জন্য স্থগিত করা হয়েছে। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপরোক্ত পরিপত্রের আলোকে নতুন কোন কার্যক্রম গ্রহণ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে গত ২২ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটি গঠন এবং সব অ্যাডহক কমিটি আগামী ১ ডিসেম্বর বিলুপ্ত হবে মন্ত্রণালয়ের এমন পরিপত্রের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। পরিপত্রটি বৈষম্যমূলক মর্মে শুরু থেকেই সমালোচিত হয়ে আসছিলো। গত ৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ পরিপত্রটি জারি করে।
জানা যায়, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাস্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এ চলতি বছরের ২৮ ও ৩১ আগস্ট সংশোধনী আনে ঢাকাসহ বিভিন্ন শিক্ষা বোর্ড। ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নসংক্রান্ত ১৩(১) বিধি এবং যোগ্যতাসংক্রান্ত ৬৪(৩) সংশোধিত বিধির বৈধতা চ্যালেঞ্জ করে এমরান হোসেনসহ চারটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি রিটটি দায়ের করেন।
আইনজীবী ফখরুল ইসলাম বলেন, ৩০ হাজারের বেশি বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান আছে। নয়টি শিক্ষা বোর্ড ম্যানেজিং কমিটি পরিচালনাসংক্রান্ত প্রবিধানমালায় সংশোধন আনে। এতে দেখা যায় সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত নবম গ্রেডের নিচে নন এমন কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত হলে পঞ্চম গ্রেডের কর্মকর্তা সভাপতি হতে পারবেন।
অর্থাৎ বেসরকারি এসব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পাবলিক সার্ভেন্ট ছাড়া কেউ হতে পারবে না, যা বৈষম্যমূলক। প্রবিধানমালার সংশোধিত ১৩(১) এবং ৬৪(৩) বিধির বৈধতা নিয়ে রিটটি করা হয়।



